ভারতের জিএসপি সুবিধা বাতিল করছেন ট্রাম্প
কাশ্মীরে পুলওয়ামায় হামলার ঘটনার পর ওয়াশিংটন পাশে দাঁড়ালেও যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির ব্যাপারে কোনো সহানুভূতিই দেখালেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝিয়ে দিলেন, ব্যবসার স্বার্থে ঘা লাগলে, তা সে চীন কিংবা ভারত হোক, কাউকেই তিনি ছাড় দেবেন না।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ক্ষেত্রে এত দিন অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পেত ভারত, এ বার তা তুলে নেওয়া হচ্ছে। ওই সুবিধা পেত প্রায় ১ হাজার ৯০০টি ভারতীয় পণ্য। যার মূল্য ৫৬০ কোটি মার্কিন ডলার। এখন থেকে ভারতীয় এসব পণ্যের ওপর শুল্ক চাপানো হবে।
মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। ‘ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি)-এর মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।'
কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যাখাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে দিল্লি ব্যর্থ হয়েছে।
মার্কিন কংগ্রেসকে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘ভারত সরকার ও জাতিসংঘের বিভিন্ন পদক্ষেপের ওপর নজর রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে মার্কিন পণ্যকে এই ধরনের সুবিধা দেবে না।’
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে রপ্তানি নির্ভর ভারতীয় সংস্থাগুলোর একটি অংশ পড়বে সমস্যায়। মার্কিন জিএসপি প্রোগ্রামে বিশ্বের দরিদ্র, পিছিয়ে পড়া ও উন্নয়নশীল দেশগুলোকে তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সব সুযোগসুবিধা দেওয়া হয়।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সহায় বলেছেন, ‘আমেরিকার এই জিএসপি প্রোগ্রাম থেকে এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলো মধ্যে রয়েছে ভারত। সেই সুবিধা প্রত্যাহার করে নেওয়া অবশ্যই দিল্লির কাছে একটি বড় ধাক্কা। এর ফলে ভারতের কৃষি, সামুদ্রিক সম্পদ নির্ভর পণ্যাদি ও হস্তশিল্পজাত পণ্যগুলোর দাম খুব বেড়ে যাবে আমেরিকায়। তাদের বাজার ধরে রাখতে অসুবিধা হবে।’
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ এই প্রথম।
যদিও ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারতের অসুবিধায় পড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব অনুপ ভাদবন।
তিনি বলেছেন, ‘এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে বলে আমাদের মনে হয় না। তবে আমরা (ভারত) কোনও পাল্টা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটব না। ভারতে ঢুকা মার্কিন পণ্যাদির ওপর বাড়তি শুল্ক চাপানো হবে না।’
যদিও মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে, এমন নয়। তিনি মার্কিন কংগ্রেসকে চিঠি লিখে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কংগ্রেসে তা পাস হতে আরও দুই মাস সময় লাগবে। ফলে ভারত কিছুটা সময় পাবে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভস অফিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার আওতায় থাকা তুরস্কের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে, তুরস্ক অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাওয়ার শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাওয়ার যোগ্যতা এখন আর দেশটির নেই। এমন এক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিলেন যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টায় আছে যুক্তরাষ্ট্র।
টাইমস/এসআই