© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

শেয়ার করুন:
এবার বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা
international-desk
০৫:০০ পিএম | ১৭ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা সদৃশ একটি প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

রোববার স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে

বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ওটাগো ডেইলি টাইমস।

প্রতিবেদনে বলা হয়, রোববার রাত ৮টার দিকে বিমানবন্দরের এক কর্মী কাজ করার সময় ওই প্যাকেটটি দেখতে পান। তাৎক্ষণিকভাবেই তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

সন্দেহজনক প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। প্যাকেটের ধরন সনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে।

এয়ার নিউজিল্যান্ডের এক স্টাফ সদস্য জানান, ঘটনার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।  ওয়েলিংটন থেকে আসা এয়ার নিউজিল্যান্ডের ৬৯১ ফ্লাইটটি ফিরিয়ে দেয়া হয়।

দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেটের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বিমানবন্দরের একটি ভবনের পাশে সন্দেহজনক ব্যাগ দেখা গেছে। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের সময় দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে ৫০ জনের প্রাণহানি ঘটে। এই রক্তাক্ত হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতেই বিমানবন্দরে নতুন করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন