চার বছরে ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল
দখলদার ইসরাইল কর্তৃপক্ষ ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। এদের মধ্যে বেশির ভাগ শিশু দখলকৃত পূর্ব জেরুজালেমের বাসিন্দা।
৫ এপ্রিল ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানায় ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন।
ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ইসরাইল সেনাবাহিনী ছয় হাজার শিশুকে আটক করে। এদের মধ্যে বেশির ভাগ শিশুকে গুলি করে আহত অবস্থায় আটক করে সৈন্যরা।
আটককৃত শিশুদের মধ্যে ৯৮ শতাংশ শিশু শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।
ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানায়, আটক ফিলিস্তিনি শিশুদের বিভিন্নভাবে অমানুষিক নির্যাতন করে ইসরাইলি বাহিনী। বেশির ভাগ সময়ে এসব অভিযান রাতের বেলা চালানো হয়। আটকের পর শিশুদের জিজ্ঞাসাবাদের নামে ঘণ্টার পর ঘণ্টা তাদের খাবার ও পানিবঞ্চিত রাখা হয়।
বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বেসরকারি এই সংস্থাটি।
টাইমস/এমএএইচ/জেডটি