© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬৩ কেজি অজগরের পেটে ৭৩ ডিম

শেয়ার করুন:
৬৩ কেজি অজগরের পেটে ৭৩ ডিম
international-desk
০৬:০৮ পিএম | ০৯ এপ্রিল, ২০১৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভ নামের অভয়ারণ্য থেকে ১৭ ফুট লম্বা একটি বার্মিজ জাতের অজগর সাপ উদ্ধার করেছে পার্কটির কর্মীরা। যার পেটে ৭৩টি ডিম ছিল।
 
সম্প্রতি ওই রাজ্যে অজগরের উৎপাত এত বেশি হয়েছে যে অন্যান্য বন্যপ্রাণীর অস্তিত্ব রক্ষা করা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে।
 
পার্ক সূত্রে জানা গেছে, পার্কের গবেষকরা গর্ভবতী স্ত্রী অজগর ধরার জন্য এক নতুন পন্থা অবলম্বন করছেন। তারা পুরুষ অজগরের দেহে রেডিও ট্রান্সমিটার বসিয়ে দিচ্ছেন। তারপর সেই পুরুষ সাপগুলো স্ত্রী অজগরের সন্ধানে যেখানে যেখানে যাচ্ছে সেখানে তাদের অনুসরণ করা হচ্ছে এবং স্ত্রী অজগর ধরা হচ্ছে।
 
পার্কটি ফেসবুকে এক বার্তায় জানিয়েছে, এ পদ্ধতিতেই পুরুষ অজগর অনুসরণ করে ১৭ ফুট লম্বা, ৬৩ কেজি ৫শ গ্রাম ওজনের এই বিশাল সাপটি ধরা হয়েছে।
 
এ কর্মসূচির একটি উদ্দেশ্য হলো অজগর সাপের উপদ্রব কমানো, গবেষণার তথ্য সংগ্রহ করা, সাপ অপসারণের নতুন উপায় বের করা এবং অজগররা কিভাবে এলাকাটিতে বিচরণ করে তা জানা।
 
ধারণা করা হয়, ১৯৮০ সালের দিকে ফ্লোরিডায় অনেকে এই সাপ পুষতো এবং তারা বেশি বড় হয়ে যাওয়ায় মালিকরা তাদের এভারগ্লেড এলাকায় ছেড়ে দিয়েছে। আর কিছু বার্মিজ অজগর ১৯৯২ সালের এক ঘুর্ণিঝড়ে ধ্বংস হয়ে যাওয়া প্রজননকেন্দ্র থেকে পালিয়ে আসে।
 
এভাবেই এ সাপের সংখ্যা এত বেড়ে গেছে যে তারা অন্য ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্বের প্রতি বিরাট হুমকি হয়ে উঠেছে। এসব ছোট প্রাণীর সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে।
 
এভারগ্লেড এলাকায় এখন হাজার হাজার অজগর সাপ আছে বলে অনুমান করা হয়।
 
 
সূত্র: বিবিসি
 
 
 
টাইমস/এমএএইচ/এসআই

মন্তব্য করুন