© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'করজোড়ে ক্ষমা' চাইলেন সাফা কবির

শেয়ার করুন:
'করজোড়ে ক্ষমা' চাইলেন সাফা কবির
own-reporter
০৪:৫৫ পিএম | ১৬ এপ্রিল, ২০১৯

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে এক শ্রোতার প্রশ্নের জবাবে সাফা কবির বলেছিলেন, তিনি পরকালে বিশ্বাস করেন না। এরপর এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এ কথার জন্য ক্ষমা চেয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার বিকালে এক পোস্টে তিনি লিখেছেন, 'আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি। তবুও আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।'

সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।'

রেডিও'র অনুষ্ঠানটিতে এক ব্যক্তি সাফাকে প্রশ্ন করেন, ‘আপনি কী পরকালে বিশ্বাস করেন?’ উত্তরে সাফা কবির বলেন, ‘আমি পরকালে বিশ্বাস করি না। আমি যেটা দেখি না, ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’

এই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সাফা নাস্তিক— এমন আখ্যা দিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন