সিরিয়া নিয়ে যে সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৭ দেশ
০৮:২৮ পিএম | ১২ ডিসেম্বর, ২০২৪
সিরিয়াতে রাজনৈতিক সংকট উত্তোরণে সহযোগিতার কথা জানিয়েছে জি-৭ জোট ভূক্ত দেশের নেতারা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতি এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
এতে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য, অন্তর্ভূক্তিমূলক এবং অসাম্প্রদায়িক সরকার গঠনে সিরিয়াকে সহযোগিতা করবে জি-৭ জোট ভূক্ত দেশ।
জি-৭ জোট জানিয়েছে, সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে ২৪ বছরের অপশাসন শেষ হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক উত্তোরণের জন্য আইনের শাসনের প্রতি সম্মান, মানবাধিকার, নারী অধিকারসহ সিরীয় বাসীদের নিরাপত্তা ও তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যত সিরিয়া সরকারের সঙ্গে কাজ করতে জি-৭ এবং তাকে সব ধরনের সমর্থন দেয়া হবে। তবে তাকে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হবে।
এছাড়া জি-৭ জোট ভূক্ত নেতারা সিরিয়ার সকল দলকে জাতীয় ঐক্য এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আহ্বান জানিয়েছে।
গত রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আসাদ সরকারকে ক্ষমতা চ্যুত করে। জীবন বাঁচাতে বাশার আল আসাদ তার স্ত্রী সন্তানকে নিয়ে রাশিয়ায় পালিয়ে যান।