© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলি হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৯:৫৯ এএম | ০৬ জানুয়ারি, ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

সোমবার (৬ জানুযারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানান।

এতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে নতুন করে আরও ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

এদিকে, ইসরায়েলের এমন বর্বরতার মধ্যেও দেশটিকে নতুন করে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দিতে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই এই সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।

এর আগে, গত আগস্টেও ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২৩ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

মন্তব্য করুন