পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট নিয়ে আগ্রহ বাংলাদেশের
ছবি: সংগৃহীত
০১:৪৩ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৫
পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট, শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি নির্ভুলভাবে নজরদারি করতে পারদর্শী। সিঙ্গল-ইঞ্জিন বিশিষ্ট বিমানটি একাধিক ধরনের অস্ত্র, যেমন অডান্স, রকেট এবং মিসাইল বহন করতে পারে। এর ওজন বেশ হালকা, দিন-রাত এবং সব ঋতুতে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেঙ্গদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়।
পাকিস্তানের আকাশবাহিনীর আধুনিকীকরণের অংশ হিসেবে ব্যবহার হওয়া এই জেএফ-১৭ থান্ডারের প্রতি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ১৫ জানুয়ারি পাকিস্তান সফরকারী বাংলাদেশের উচ্চ-পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধিদল, পাকিস্তান এয়ার ফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধিদল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম নিয়ে আলোচনা করেন।
পাকিস্তান এয়ার ফোর্সের প্রধান, ওই বৈঠকে বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ বৃদ্ধির ওপরেও গুরুত্ব আরোপ করেন।
টিএ/