© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম

শেয়ার করুন:
২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম
মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি দাবি জানিয়েছেন, গত ২৭ নভেম্বর সই হওয়া ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে।

স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট আউনের কার্যালয় এ কথা জানিয়েছে। খবর আনাদৌলু এজেন্সির।

প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থল ও আকাশে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বিশেষ করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংস-এসব যুদ্ধবিরতি চুক্তিতে যা বলা হয়েছিল তার সম্পূর্ণ পরিপন্থি। এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত।

এদিকে, লেবাননে সফররত বিশ্বসংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেন, ‘গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমার (২৬ জানুয়ারি) মধ্যে সেনাদের ‘নিরাপদ’ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চালিয়ে যাবেন।

গুতেরেস বলেন, ‘আউনের নেতৃত্বে লেবাননের ‘আরও আশাব্যঞ্জক উজ্জ্বল ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। দেশটি স্থিতিশীল এবং মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্র (হাব) হয়ে উঠতে পারে।’

যুদ্ধবিরতির অংশ হিসেবে, হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।
উল্লেখ্য, লিটানি নদী ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত।

মন্তব্য করুন