কৌতুক নয়, খুনের হুমকি! কপিল শর্মার অভিযোগ
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৫
বলিউডে আতঙ্কের ছায়া! এবার খুনের হুমকির শিকার জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা।
সম্প্রতি পাকিস্তান থেকে পাঠানো এক ই-মেইলের মাধ্যমে কপিলকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মুম্বাই পুলিশের কাছে দায়ের করা অভিযোগে কপিল জানান, ওই ই-মেইলে বলা হয়েছে, “আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি।
কপিলের দাবি মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে ওই ই-মেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে ‘বিষ্ণু’ বলে পরিচয় দিয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ই-মেইলটি পাকিস্তান থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এই হুমকি শুধু কপিলেই সীমাবদ্ধ নয়। এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র এবং নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই ধরনের হুমকি এসেছে।
মুম্বাইয়ের অম্বোলি থানায় ইতোমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি নিয়ে গভীর তদন্তে নেমেছে।
বলিউডে এই মুহূর্তে চরম অস্থিরতা বিরাজ করছে। সাইফ আলি খানের বাড়িতে হামলা, সালমান খানকে লাগাতার হুমকি, বাবা সিদ্দিকিকে গুলি করে খুন—একের পর এক ঘটনায় গোটা ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
গোটা বলিউড এখন আতঙ্কের ঘেরাটোপে। কপিল শর্মার মতো সেলিব্রিটিকে হুমকির পর, শাহরুখ খান-সহ অন্যান্য তারকার নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। বলিউডের অন্দরমহলে চলছে উদ্বেগ ও উৎকণ্ঠার ঢেউ।
টিএ/