© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীতের সকালে রোদে ঝলমলে মিম!

শেয়ার করুন:
শীতের সকালে রোদে ঝলমলে মিম!

ছবি: সংগৃহীত

শারলিন
০৪:৫৪ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার পাশাপাশি মডেলিংয়েও তিনি সমান দক্ষ। সময় সুযোগ পেলেই নতুন রূপে নিজেকে তুলে ধরতে পছন্দ করেন। আর ফাঁকা সময় মিললে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তার পুরনো অভ্যাস।

মিমের উপস্থিতি সব সময়ই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক মাধ্যমেও তার বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী তাকে চোখে চোখে রাখেন। কাজ কিংবা ব্যক্তিগত মুহূর্ত—সবকিছুতেই তিনি খোলা মনে অংশ নেন, আর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তার জীবনের বিশেষ মুহূর্তগুলো।

মাঘ মাসের কনকনে শীতের সকালে একটুখানি রোদের স্নিগ্ধ আলিঙ্গন কে না চায়! বিদ্যা সিনহা মিমও তার ব্যতিক্রম নন। বৃহস্পতিবার সকালে মিষ্টি রোদ উপভোগ করতে ছাদে উঠেছিলেন মিম। সঙ্গে ছিল তার উচ্ছল কিছু মুহূর্ত, যা তিনি ফেসবুকে ভাগ করেছেন ভক্তদের সঙ্গে।

ছবিগুলোতে দেখা যায়, ব্রাউন-কালো স্ট্রাইপের টপস এবং ওপেন ব্রাউন সোয়েটারে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। মিষ্টি রোদের ছোঁয়া তার মসৃণ ত্বকে এনে দিয়েছে বাড়তি উজ্জ্বলতা। হালকা সাজে নজর কেড়েছেন তিনি। কানে লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক আর ক্যামেরার সামনে নানা লুকে পোজ দেওয়া মিম যেন এক জীবন্ত কবিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্তুতি।’

এই পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন মিমের অনুরাগীরা। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, কেউবা তার সরল রূপ দেখে অভিভূত হয়েছেন। আবার কেউ শীতের সকালে তার এমন প্রাণবন্ত উপস্থিতিতে চমকেও গেছেন।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। এরপর থেকে একের পর এক টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা আর ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন এই মেধাবী তারকা।

টিএ/

মন্তব্য করুন