সাইফের বর্ণনায় সেই রুদ্ধশ্বাস ঘটনা
ছবি: সংগৃহীত
০১:০৮ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
বলিউড অভিনেতা সাইফ আলী খানের জীবনের ভয়াবহ এক রাতের গল্প যেন সিনেমার কোনো থ্রিলার দৃশ্যের মতোই শ্বাসরুদ্ধকর। বান্দ্রার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে এক বিপজ্জনক মুহূর্তে তিনি হয়ে ওঠেন প্রকৃত নায়ক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সেই রাতের প্রতিটি মুহূর্তকে স্মরণ করে পুলিশকে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন সাইফ।
সাইফের বর্ণনায় উঠে এসেছে, রাতে জেহর চিৎকার শুনে তিনি দ্রুত নিচতলায় ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ছেলের ন্যানি ইলিয়াম ফিলিপের সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ধস্তাধস্তি চলছে। আততায়ীর হাতে একটি ধারালো ছুরি ছিল। ভয়কে জয় করে সাইফ পেছন থেকে সেই আততায়ীকে চেপে ধরেন। কিন্তু নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আততায়ী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। সাইফের পিঠ, গলা এবং হাতে আঘাত লাগে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সাইফ জানান, "আমার শরীর থেকে এত রক্ত বেরোতে দেখে কারিনা আর ছেলেরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু আমি আততায়ীকে ছাড়িনি। নিজের শক্তি সঞ্চয় করে কোনো মতে তাকে একটি ঘরে আটকে রাখি।"
সেই রাতে বাড়ির পরিবেশ ছিল তীব্র আতঙ্কে পূর্ণ। পরিবারের সদস্যরা এবং গৃহপরিচারিকা সবাই আতঙ্কে কাঁপছিলেন। তবে সাইফের সাহসিকতায় তাদের জীবনে রক্ষা পায়।
এই ঘটনা সাইফ আলী খানের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তার সাহসিকতা যেন প্রমাণ করল, বাস্তব জীবনেও তিনি একজন সত্যিকারের হিরো।
টিএ/