এ আর রহমানের গান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সনু!
ছবি: সংগৃহীত
০১:২৫ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
বলিউডে এ আর রহমানের সুরে সনু নিগমের গান মানেই মুগ্ধতার ছোঁয়া। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দুই সংগীত প্রতিভার একটি গান নিয়ে সনুর মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার জন্য এ আর রহমানের সুরে গাওয়া গান নিয়ে সনু নিগমের স্পষ্ট বক্তব্য – গানটি তার ভালো লাগেনি।
সাক্ষাৎকারে সনুকে ‘যুবরাজ’ ছবির গান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই গানটি অতটা ভালো ছিল না। তাই এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি মিথ্যা বলতে পারি না এবং খারাপ গানের প্রশংসাও করতে পারি না। সত্যি বলতে, গানগুলো বেকার।”
এই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে বলিউডে জল্পনা শুরু হয়েছে। এ আর রহমানের মতো কিংবদন্তি সুরকারের গান সম্পর্কে সনুর এই মন্তব্য অনেককেই বিস্মিত করেছে। তবে শিল্পী হিসেবে সনুর এমন স্পষ্টভাষী হওয়া তার ভক্তরা ভালোভাবেই গ্রহণ করেছেন।
এদিকে, এ আর রহমানের জীবনের গল্পও যেন অনুপ্রেরণার এক প্রতীক। জন্মসূত্রে হিন্দু পরিবারে জন্ম নিলেও ১৯৮৮ সালে তিনি এবং তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। ছোটবেলায় পিতার মৃত্যুতে পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তবু সব প্রতিকূলতা পেরিয়ে তিনি আজ বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
গানের জগতে দুই প্রতিভাবান শিল্পীর এই সম্পর্কের টানাপোড়েন কি আবারও কোনো নতুন অধ্যায় তৈরি করবে? সেটিই এখন দেখার বিষয়।
টিএ/