পরীমনির পাশে দাঁড়ালেন নির্মাতা আশফাক নিপুণ
ছবি: সংগৃহীত
০৬:০৩ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৫
শোরুম উদ্বোধনে বাঁধার সম্মুখীন হয়ে চিত্রনায়িকা পরীমনি ক্ষোভ ঝাড়লেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে। যেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেকে পরাধীন মনে হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এরইমধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। আবার রোববার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ অভিনেত্রীর বিরুদ্ধে।
এদিকে পরীমণির সঙ্গে ঘটা এ ঘটনায় মোটেও ভালোভাবে নেননি নির্মাতা আশফাক নিপুণ। অন্তর্বর্তী সরকারকে কাজের সরকার হতে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ‘মহানগর’ সিরিজ খ্যাত এ নির্মাতা।
এদিন বেলা তিনটার দিকে আশফাক নিপুণ লিখেছেন, ‘মবের প্রতিবাদের মুখে পরীমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তাঁর বিরুদ্ধে দায়ের করা পুরোনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেফতারের আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’
তিনি লিখেছেন, ‘আবার সাজাপ্রাপ্ত দাগী আসামী সকলের জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের উপর সভেরন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত 'মব' এর প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।’
সবশেষ এ নির্মাতা লিখেছেন, ‘কাকতালীয় বা অকাকতালীয় কোন সরকারই হইয়েন না, জনাব সরকার; কাজের সরকার হন। 'মব' ঠ্যাকান। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন। নাহলে আপনাদের পায়ের নীচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না।’
প্রসঙ্গত, পরিচালক আশফাক নিপুণ নির্মাণের পাশাপাশি বিভিন্ন সময় দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকেন। অর্থাৎ, একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত জানিয়ে থাকেন। গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পক্ষে বেশ সরব ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরও সরব এই নির্মাতা।
টিএ/