© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিইউতে লালন-সম্রাজ্ঞী ফরিদা পারভীন

শেয়ার করুন:
আইসিইউতে লালন-সম্রাজ্ঞী ফরিদা পারভীন

ছবি: সংগৃহীত

শারলিন
০৬:১৮ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
দেশের খ্যাতিমান লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা এই কিংবদন্তি শিল্পীকে ১ ফেব্রুয়ারি ভোরে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বামী, বিখ্যাত যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।

বর্তমানে ফরিদা পারভীনকে আইসিইউ রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে এবং সঙ্গে রয়েছে আরও কিছু শারীরিক জটিলতা। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের কারণে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, তার ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যাও রয়েছে। চিকিৎসকরা ইতোমধ্যে ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে ফরিদা পারভীনের অবদান অসামান্য। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গেয়ে তার সংগীতজীবন শুরু হয়। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গানে বিশেষ খ্যাতি অর্জন করলেও পরবর্তীতে তিনি লালনসংগীতে নিজেকে নিবেদিত করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীতের তালিম নেওয়া ফরিদা পারভীন লালনগীতির অপার সৌন্দর্য দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে ফরিদা পারভীনকে একুশে পদকে ভূষিত করা হয়। ২০০৮ সালে তিনি জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। নতুন প্রজন্মের মধ্যে লালনসংগীতের চর্চা বাড়াতে তিনি ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন।

তার অসুস্থতার খবরে সংগীতপ্রেমী মানুষ উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তরা প্রার্থনা করছেন। সংগীতজগতে অনন্য অবদান রাখা এই গুণী শিল্পীর সুস্থতা কামনায় পরিবারের সদস্যরাও দেশবাসীর দোয়া চেয়েছেন।

টিএ/

মন্তব্য করুন