দেশে প্রথমবার কোটি টাকার বডিবিল্ডিং প্রতিযোগিতা
ছবি :সংগৃহীত
১১:৫৩ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
এবার দেশে কোটি টাকার বডি মাসল শো। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বিজয়ীদের জন্য থাকছে ১ কোটি টাকার পুরস্কার! বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে শরীরগঠন প্রতিযোগিতা! ক্রিকেট ও ফুটবলের পর এবার বডিবিল্ডিংয়ে হতে যাচ্ছে কোটি টাকার আসর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বিডি মাসল শো’, যা হবে দেশের সর্ববৃহৎ বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ।
এই প্রতিযোগিতার আয়োজন করছে ‘ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশ’। শনিবার রাজধানীর সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের গার্লিক অ্যান্ড জিনজারে আয়োজিত এক সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান ‘বিডি মাসল শো’ আয়োজক কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাবেক মিস্টার বাংলাদেশ রফিকুল ইসলাম ও উইলিয়াম রিকি ব্লাজো।
নাঈম বলেন, ‘‘বিডি মাসল শো হবে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডি বিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।’
আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও এটি হবে দেশের সবচেয়ে জমকালো শরীরগঠন প্রতিযোগিতা। এতে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ভিডিপি সহ চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার প্রতিযোগী। প্রতিযোগিতা হবে চারটি বিভাগে—মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক ও ডেনিম জিন্স। প্রতিটি বিভাগে থাকবে একাধিক ইভেন্ট, যার মধ্যে মেন্স বডিবিল্ডিংয়ে ৭টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি, ক্ল্যাসিক ফিজিকে ১টি ওপেন এবং ডেনিম জিন্সে ১টি ওপেন ইভেন্ট রয়েছে।
সব বিভাগের সেরা প্রতিযোগীদের জন্য থাকছে এভার অল চ্যাম্পিয়নের খেতাব। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বিজয়ীদের জন্য থাকছে ১ কোটি টাকার পুরস্কার! সেরা বডিবিল্ডার পাবেন একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার, এছাড়াও থাকছে ২০টি ১৫০ সিসি মোটরবাইক।
শুধু প্রতিযোগিতা নয়, এই আয়োজনে থাকছে আরও চমক! ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপোও থাকবে এই ইভেন্টের অংশ হিসেবে। দেশের বডিবিল্ডিং ও ফিটনেস জগতে এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত।