‘আশিকী ৩’-এ কার্তিক শ্রীলীলার ফার্স্ট লুক
ছবি :সংগৃহীত
০২:৩২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
তৃপ্তি দিমরি সরে যাওয়ার পর এই চরিত্রের জন্য শ্রীলীলা কে চুরান্ত করেছেন অনুরাগ বসু, এই সংবাদ প্রকাশের পর ‘টক অব দ্য টাউন’ এ থাকা ‘আশিকী ৩’ এর ফার্স্ট লুক উন্মোচন করে সবাইকে চমকে দিলেন পরিচালক। অন্তর্জালে আসা ফার্স্ট লুকে তাদের রসায়নে মজেছেন নেটিজেনরা। তাদের অনুমান, মুক্তির আগেই ছবি হিট! হিট নতুন জুটিও।
আলো-আঁধারিতে কার্তিক গেয়ে উঠেছেন একদা ভীষণ চেনা গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। ছবির প্রথম ঝলকে কোথাও ছবির নাম লেখা নেই! গানে গানে কার্তিক জানিয়েছেন, ‘তুহি প্যায়ার তুহি চাহত... তুহি আশিকী হ্যায়’।
এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার। এত দিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে সিনেমাটির ফার্স্ট লুক। এর আগে শোনা গিয়েছিল, অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ।
কারণ, ‘অ্যানিমেল’ ছবির দৌলতে অভিনেত্রী তখন চর্চায়। এর পরেই মুক্তি পায় ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। ফলে, তাকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক।
আবার সিনেবোদ্ধাদের মতে, দুটো ছবিতে তৃপ্তির লাস্য, জৌলুস নাকি এতটাই ব্যবহৃত যে পরে অনুরাগ তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন।
বদলে আল্লু অর্জুনের সঙ্গে ‘আইটেম ডান্স’-এ নজরে আসা শ্রীলীলাকে বেছে নেন তিনি। এই ছবি দিয়ে বলিউড জয় করতে চলেছেন। অনুরাগের সিদ্ধান্ত যে সঠিক, তার প্রমাণ রাতারাতি ভাইরাল হওয়া ‘আশিকী ৩’-এর ঝলক।
পুরনো গান নতুন করে এই প্রজন্মকে ফিরিয়ে দিয়েছেন প্রীতম। ফার্স লুকে জুটির বিন্দু বিন্দু ‘আশিকী’ ম-ম করেছে। গুলশন কুমার আর টি সিরিজের উত্তরাধিকারী ভূষণ কুমার এভাবেই ফিরিয়ে এনেছেন ‘নব্বই নটআউট’।