৫ মাস পর মঞ্চে ফিরছেন বেজবাবা সুমন
ছবিঃ সংগৃহীত
০৯:০৫ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীন-এর প্রধান সাইদুস সালেহীন সুমন, অর্থাৎ বেজবাবা সুমন। অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে তাকে। বেশ লম্বা একটা সময় স্টেজ শো ও নতুন গান থেকে দূরে ছিলেন অর্থহীনের দল নায়ক। গেল বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’র মধ্য দিয়ে বিরতি কাটীয়ে ফিরেছিলেন কনসার্টের মঞ্চে। ক্যান্সার, সড়ক দুর্ঘটনা, স্পাইন জটিলতা ও চোখের সমস্যায় অসংখ্যবার।
সেই ধারাবাহিকতায় প্রায় ৫ মাস পর এবার একক কনসার্টে ফিরছেন সুমন ও তার দল অর্থহীন। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় ৪ ঘণ্টা পারফরম করবে ব্যান্ডদলটি।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন- এমন থিম নিয়ে কনসার্টের মঞ্চে উঠবেন অর্থহীনের সদস্যরা। এর নামও রাখা হয়েছে বিষয়টি মাথায় রেখে।
‘অর্থহীন ২০৭৭ : আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামের কনসার্টটি জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে সাজানো হবে বলে জানিয়েছে দলটি। এটি যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থহীনের হাত ধরে ‘অর্থহীন ২০৭৭ : আ সাইবারপাঙ্ক ওডিসি’ কনসার্টে, লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে। এটি গতানুগতিক কনসার্ট নয়।
সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। গেট খোলা হবে বিকেল ৪টায়। তবে এই আয়োজন উপভোগ করতে কত খরচ করতে হবে, তা এখনো জানানো হয়নি। গেট সেট রক ওয়েবসাইটে শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।
এদিকে বর্তমানে অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছে। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন সুমন। শিগগিরই অ্যালবামটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।