হাসপাতালে শাকিরা, বাতিল হলো কনসার্ট
ছবি :সংগৃহীত
০২:২৪ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। এরপর একটি কনসার্ট বাতিল করেছেন তিনি । রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।’
কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে তিনি এখন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রবি ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এরআগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর কানাডা ও ব্রাজিল যাবেন তিনি।
বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি খুবই দুঃখিত তো যে আজ মঞ্চে উঠতে পারবো না। আমার পেরুভিয়ান দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।’
খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন শাকিরা। বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।’