কোন দেশে খেজুরের দাম কত?
ছবি : সংগৃহীত
০২:২৭ পিএম | ০২ মার্চ, ২০২৫
রমজান মানেই তুঙ্গে খেজুরের চাহিদা। বিশ্বজুড়ে মরুভূমির এই সুমিষ্ট ফলের চাহিদা যোগান দিতে হিমশিম খেতে হয় উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলোকে। খেজুরের সরবরাহে টান পড়লে তার ঢেউ লাগে গোটা আন্তর্জাতিক বাজারে। উৎপাদক দেশে এ ফলের দাম ওঠানামা করলে অশান্ত হয় বিশ্ব রপ্তানি বাজারও।
২০২৫ সালে খেজুরের গল্পটা অবশ্য অন্যরকম। যুদ্ধ, সরকার পতনের হিড়িক, ক্ষমতার পালাবদল, আমদানি-রপ্তানি বাণিজ্যে অতিরিক্ত শুল্কহার প্রভাব ফেলেছে খেজুরের বাজারেও। রমজানের অন্যতম এই খাদ্য উপাদানের দাম নিয়ে উৎসাহ-উদ্বেগে মেতেছে দোকানি ও ক্রেতারা।
বিশ্বে সবচেয়ে বেশি চাহিদা মিশর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া আর ইরাকের খেজুরের। এই দেশগুলো শুধু খেজুরের উৎপাদকই নয়, বিশ্বে রপ্তানির রাজাও। খেজুরের শীর্ষ দেশগুলোর বাজারের কি অবস্থা তার সামগ্রিক চিত্র উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে।
নীল নদের তীরের দেশ মিশর খেজুরের রাজা। এখানে জাতভেদে খেজুরের কেজি ৭০ থেকে ৬০০ মিশরীয় পাউন্ড যার বাংলাদেশি মান ১৭০ থেকে ১৪শ টাকা। পবিত্র ভূমি সৌদি আরবের খেজুরের স্বাদ পেতেও মরিয়া থাকে বিশ্ববাসী। খালাস, সুক্কারি, আজওয়ার মতো খেজুরের চাহিদা কেবল রমজানেই নয়, সারা বছরই থাকে।
জেদ্দায় সাফাভি খেজুরের দাম কেজি প্রতি ২০ রিয়াল বা ৫৮৪ টাকা, আল-সাকি ২৫ রিয়াল বা ৭৩০ টাকায় বিক্রি হয়। আর রাসূল (সা.) এর খেজুর হিসেবে পরিচিত আজওয়া খেজুর বিক্রি হয় ৭০ রিয়াল বা ২০৪৬ টাকায়। এছাড়া কাঁচা খেজুরের বাক্স ৩০-৪৫ রিয়াল, আর আল-আহসার খালাস ৬০ রিয়ালে ঝুলছে দোকানে। ধনীদের পছন্দ কাসিমের খালাস পাওয়া যাচ্ছে ১২০ রিয়ালে।
পারস্যের প্রলোভন ইরানি খেজুর। সে দেশের বাজারে খেজুর বাজারে দাম ছুঁয়েছে ২-৬ লাখ রিয়াল বা ৫৭৬ থেকে ১ হাজার ৭৩০ টাকা পর্যন্ত। আলজেরিয়ার খেজুর পরিচিত সাহারার সোনা হিসেবে। সে দেশে খেজুর কেজিতে ৫০০-১৫০০ দিনার বা ৪০০ থেকে ১৩৪৫ টাকা।
ইরাকে খেজুর মিলছে ৫০০০ থেকে ১৫০০০ দিনার বা ৪৬৩ থেকে ১৪০০ টাকায়। ভূমধ্যসাগরের মিষ্টি খেজুর সরবরাহ করে তিউনিসিয়া। ৬ দশমিক ৭ থেকে ২৬ দিনার বা ২৫৬ থেকে ১০০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে সে দেশের খেজুর। বাংলাদেশে আমদানি হওয়া খেজুরের একটা বড় অংশের জোগান দেয় তিউনিসিয়া।
ওমানের খেজুর দেয় সুলতানের স্বাদ। জাতভেদে ২ দশমিক ১৯ থেকে ৬ দশমিক ২৬ রিয়াল বা ৬৯০ থেকে ১৯৭৫ টাকায় কিনতে হচ্ছে ওমানের খেজুর। সুদানে ২৯১৪ থেকে ৪৬২২ পাউন্ডে পাওয়া যাচ্ছে গরিবের বন্ধু খেজুর।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাজার ঘুরে দেখা যায়, ২০ থেকে ৩৫ দিরহাম বা ৬৬১ থেকে ১১৫৫ টাকায় মিলছে এক কেজি খেজুর। ইন্দোনেশিয়ায় প্রতি কেজি খেজুর পাওয়া যাচ্ছে ৫৮৫৭৬ থেকে ৬৭৯৩৫ রুপাইয়া। বাংলাদেশে যার দাম ৪৩৪ থেকে ৫০৫ টাকা। পাকিস্তানে ৩০০ থেকে ৫০০০ রুপি পর্যন্ত খেজুর পাওয়া যায়। ভারতে কেজি প্রতি খেজুর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ২০০০ রুপি পর্যন্ত।