কংগ্রেস নেত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতার প্রেমিক
ছবি : সংগৃহীত
০১:৫৪ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ভারতের হরিয়ানা রাজ্যের কংগ্রেস নেত্রী হিমানী নারওয়াল হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
দিন দুয়েক আগে রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার (৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে দিল্লি থেকে দুজন যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেপ্তার করা হয়, অন্যজনকে ছেড়ে দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হিমানী ওই যুবককে ব্ল্যাকমেইল করে লাখ লাখ রুপি নিয়েছিলেন। এ কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
যে ট্রলিব্যাগে হিমানীর মরদেহ পাওয়া গেছে, সেটি তার বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে ধারণা করছে তদন্তকারীরা। এতে অনুমান করা হচ্ছে, তাকে তার নিজ বাড়িতেই খুন করা হয়েছে।
হিমানীর মা সবিতা বলেছেন, হত্যাকারী পরিচিত কেউ হতে পারে—হয়তো কংগ্রেসের কেউ, কোনো আত্মীয় বা বন্ধু। তিনি অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে হিমানীকে নির্মমভাবে মারধর করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল এবং গলায় স্কার্ফ জড়িয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।
হিমানী নারওয়াল কংগ্রেসের সক্রিয় নেত্রী ছিলেন। ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুল গান্ধীর সঙ্গেও ছিলেন তিনি। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, তিনি হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডা ও তার ছেলে দীপেন্দ্র হুডার ঘনিষ্ঠ ছিলেন।