© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, বুড়ো আঙ্গুল দেখাল মিশর

শেয়ার করুন:
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, বুড়ো আঙ্গুল দেখাল মিশর

ছবি:সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৯:১৩ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুর্নগঠনের পরিকল্পনা করেছে মিশর। আগামী ৪ মার্চ কায়রোর আরব শীর্ষ সম্মেলনে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করে বিকল্প এই প্রস্তাব তৈরি করেছে মিশর। কায়রোর প্রস্তাবে সারা দিয়েছে গোটা আরব বিশ্বও। এতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের গাজা ছাড়ার প্রয়োজন হবে না। এমনকি অন্য কোনো দেশকেও বিপুল ফিলিস্তিনিকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে হবে না।

স্থানীয় সময় ২ মার্চ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি জানান, গাজা পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন তহবিল চাইবে কায়রো। বিশেষ করে ইউরোপকে গাজা পুনর্গঠনে অর্থায়নের জন্য তারা জোর দেবে।

ভূমধ্যসাগরীয় অঞ্চলের ই/ইউ কমিশনার দুব্রাভকা সুইকার সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসন্ন আরব শীর্ষ সম্মেলনে পরিকল্পনাটি গৃহীত হলে আমরা প্রধান দাতা দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা শুরু করব। তাদের সঙ্গে নিয়েই গাজাকে নতুন রূপে গড়ে তোলা হবে। এতে ফিলিস্তিনিরাও যোগ দেবেন। তাদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা হবে না।’

এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে আপত্তি জানিয়েছে হামাস। এতে ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের এমন পদক্ষেপ নতুন করে গাজায় উত্তেজনা বাড়াবে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

এ প্রসঙ্গে আবদেলাতি বলেন, ‘সবাইকে শাস্তি দেয়ার লক্ষ্যে মানবিক সহায়তাকে ব্যবহার করছে নেতানিয়াহু সরকার। এতে হামাস নয়, ভুক্তভোগী হচ্ছে সাধারণ ও নিরপরাধ গাজাবাসী। এটি মেনে নেয়া হবে না।’ গাজায় ত্রাণ বন্ধ করে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হামাস।

মন্তব্য করুন