ক্রোম চুরি করছে আপনার ব্যক্তিগত তথ্য!
ছবি:সংগৃহীত
১০:০২ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ক্রোম ব্যবহারকারিদের জন্য বড় দুঃসংবাদ। আপনি কি জানেন, আপনার ব্যবহৃত ক্রোম ব্রাউজারের কোনো এক্সটেনশন আপনার ব্যক্তিগত তথ্য চুরি করছে? সম্প্রতি ১৬টি এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ উঠেছে। এই এক্সটেনশনগুলো গোপনে আপনার ব্রাউজিং তথ্য নিয়ন্ত্রণ করছে, বিজ্ঞাপন দেখাচ্ছে এবং এমনকি অনুমোদন ছাড়াই সার্চ রিডাইরেক্ট করছে।
অনলাইনে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় কিছু ক্রোম এক্সটেনশন ব্যবহারকারীদের তথ্য চুরির পাশাপাশি বিভিন্ন সাইবার অপরাধে ব্যবহৃত হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গিটল্যাব থ্রেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, সংঘবদ্ধ হ্যাকাররা এসব এক্সটেনশনের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে অন্তত ৩২ লাখ ব্যবহারকারীর তথ্যের ঝুঁকি তৈরি করেছে। এগুলো শুধু তথ্য হাতিয়ে নিচ্ছে না, বরং ওয়েব ট্রাফিক নিয়ন্ত্রণ ও অনুমোদনহীন বিজ্ঞাপন চালাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাউজারে যদি ব্লিপশট, ইমোজিস, সুপার ডার্ক মোড, অ্যাডব্লকার ফর ক্রোম বা উইস্টিয়া ভিডিও ডাউনলোডারের মতো এক্সটেনশন ইনস্টল করা থাকে, তাহলে তা দ্রুত মুছে ফেলা উচিত। গুগল ইতোমধ্যে এসব এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে ফেলেছে, কিন্তু যাদের ব্রাউজারে ইনস্টল রয়েছে, তাদের নিজ উদ্যোগে তা মুছে ফেলতে হবে।
অনলাইন নিরাপত্তা নিশ্চিতে বিশেষজ্ঞরা বলছেন, অজানা বা অপ্রমাণিত এক্সটেনশন ব্যবহারের আগে অন্য ব্যবহারকারীদের রিভিউ পড়া উচিত। পাশাপাশি, নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে নিয়মিত ভাইরাস স্ক্যান করার পরামর্শও দেওয়া হয়েছে।