রেকর্ড দাম বাড়লো বিটকয়েনের
ছবিঃ সংগৃহীত
১২:৩৪ পিএম | ০৪ মার্চ, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ তৈরির পরিকল্পনার ইঙ্গিতের পর বিটকয়েনের মূল্য এক ধাক্কায় বেড়ে গেছে। গত শুক্রবার বিটকয়েনের মূল্য ছিল ৭৮ হাজার ২২৬ ডলার, যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯২ হাজার ডলারের ওপরে স্থিতিশীল হয়েছে। এছাড়া, ইথারের মূল্যও ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩০০ ডলারে পৌঁছেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একটি স্ট্র্যাটেজিক ক্রিপ্টো রিজার্ভ তৈরির ঘোষণা দিয়েছেন, যেখানে বিটকয়েন ছাড়াও ইথার, এক্সআরপি, সোলানা ও কারডানোর মতো ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত থাকবে। তার এই পরিকল্পনা ক্রিপ্টো বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে।
এরইমধ্যে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম কয়েনবেইজ ও রবিনহুডের শেয়ার ইনডেক্স যথাক্রমে ৯ ও ৭ শতাংশ বেড়েছে।
এর আগে, গত সপ্তাহে বিটকয়েনের দাম তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ৯০ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। তবে ট্রাম্পের নতুন ঘোষণার ফলে বাজারে ইতিবাচক গতি ফিরে এসেছে।