© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরোদমে চলছে বিশ্বের সবচেয়ে বড় ‘রিও কার্নিভাল’

শেয়ার করুন:
পুরোদমে চলছে বিশ্বের সবচেয়ে বড় ‘রিও কার্নিভাল’

ছবি:সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০২:৩৮ পিএম | ০৫ মার্চ, ২০২৫
বিশ্বের সবচেয়ে বড় কার্নিভালে মেতেছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর রাস্তার পার্টি, সাও পাওলোর জমকালো সাম্বা প্যারেড, সুগারলোফ পর্বতের নিচে নাচ-গান, উল্লাসে মেতেছেন লাখো মানুষ। শুধু ব্রাজিলিয়ানরাই নয়, বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য ও রঙ্গিন উৎসবে যোগ দিতে রিও ডি জেনেইরোতে জড়ো হয়েছেন হাজারও পর্যটক।

ফেব্রুয়ারির শুরু থেকেই ব্রাজিল জুড়ে রিও কার্নিভালের আমেজ শুরু হয়। তবে জাঁকজমক কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। চলবে মার্চের ৮ তারিখ পর্যন্ত। ১০ দিনব্যাপী উৎসবে ব্রাজিল পরিণত হয়েছে ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য ও সংস্কৃতির এক অসাধারণ প্রদর্শনীতে।

রিওর কার্নিভালের অন্যতম আকর্ষণ ‘জাগুয়ার স্ট্রিট পার্টি’। বন্য উচ্ছ্বাস ও আইকনিক পশু-প্রিন্ট পোশাকের জন্য বিখ্যাত এই পার্টিতে রিও’র রাস্তায় জড়ো হন লাখো মানুষ। হাজার হাজার উৎসবপ্রেমী চিতাবাঘ ও জাগুয়ারের ছাপযুক্ত পোশাক পরে সুগারলোফ পর্বতের নিচে নাচ, গান ও উল্লাসে মেতে উঠেন।

স্যাক্সোফোন, ট্রম্বোন ও ড্রামস নিয়ে শক্তিশালী লাইভ ব্রাস ব্যান্ড পার্টিতে তৈরি করে সঙ্গীতের মাদকতা। ‘জাগুয়ারেটস’ নামে পরিচিত বিশেষ নৃত্যশিল্পীরা বিড়াল-অনুপ্রাণিত মেকআপ ও পোশাকের মাধ্যমে রাস্তাগুলোকে এক অদম্য জঙ্গলে রূপান্তরিত করেন।

স্ট্রিট পার্টির পাশাপাশি, সাও পাওলোর সাম্বা প্যারেড নাট্যশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনবদ্য প্রদর্শনী নিয়ে হাজির হয়েছে। সাও পাওলোর সাম্বাড্রোম পরিণত হয়েছে ছন্দ ও নাচের বিশাল মঞ্চে। হাজারো পারফর্মার তাদের দৃষ্টিনন্দন পোশাক ও মনোমুগ্ধকর নৃত্যের মাধ্যমে দর্শকদের মোহিত করছেন।

এই বছরের প্যারেডের মূল প্রতিপাদ্য ছিল আফ্রো-ব্রাজিলিয়ান ও আদিবাসী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো। সাম্বা স্কুল ‘তাতুয়াপে একাডেমিকস’ তাদের পরিবেশনার মাধ্যমে মার্টিন লুথার কিং জুনিয়রের বংশকে স্মরণ করতে বিশেষ এই কুচকাওয়াজ পরিবেশন করেন তারা। এছাড়াও, অনেক সাম্বা স্কুল ব্রাজিলিয়ান কিংবদন্তি সঙ্গীতজ্ঞদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পারফর্ম করেছে।

ব্রাজিলের কার্নিভাল কেবল সাংস্কৃতিক গুরুত্বই বহন করে না, এটি দেশের পর্যটন খাতের জন্যও বিশাল এক অর্থনৈতিক চালিকাশক্তি। পর্যটন কর্মকর্তাদের মতে, রিও ডি জেনেইরো একাই কার্নিভাল থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করবে। সাও পাওলোর সাম্বাড্রোম প্যারেড প্রতি রাতে ৩০ হাজারেরও বেশি দর্শক আকর্ষণ করছে।

স্থানীয় ছোট ব্যবসায়ী, কার্নিভালের বিশেষ পোশাক বিক্রেতা, খাবারের দোকান ও স্থানীয় কারিগররা, এই সময়টাতে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। রিওর সাম্বাড্রোমে সবচেয়ে বড় কুচকাওয়াজে সাম্বা চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতা করবে শতাধিক দল। বিশ্বব্যাপী পর্যটকদের জন্য এটি একটি অবিস্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা। যেখানে ইতিহাস, সংগীত, নৃত্য ও সামাজিক সক্রিয়তা একত্রিত হয়ে গড়ে তুলেছে এক অভূতপূর্ব মহোৎসব।

এসএম/টিএ

মন্তব্য করুন