মার্কিন নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে পাকিস্তান ও আফগানিস্তান!
ছবি : সংগৃহীত
১০:১১ পিএম | ০৬ মার্চ, ২০২৫
আফগানিস্তান ও পাকিস্তানের উপর আসছে মার্কিন ভ্রমন নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই এর প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার আওয়াতায় আসতে যাচ্ছে আরও বেশ কয়েকটি দেশ। এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে বলা হয়, নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞায় আফগানিস্তান ও পাকিস্তানসহ আরও কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কঠোর শর্ত আরোপ হতে পারে। রয়টার্স বলছে, নিষেধাজ্ঞাটি আগামী সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে ।
২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে মুসলিম-প্রধান দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা তখন বিশ্বজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই আদেশের পক্ষে রায় দিয়েছিল। ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর, তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং এটিকে 'জাতীয় বিবেকের কলঙ্ক' বলে অভিহিত করেছিলেন।
এই নতুন নিষেধাজ্ঞা আফগান নাগরিকদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তান দখল করার পর, যেসব আফগান যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছিলেন, তাদের নিরাপত্তার জন্য এসব ভিসা দেওয়া হয়েছিল।
বর্তমান প্রশাসন বিদেশি নাগরিকদের ওপর নিরাপত্তা ঝুঁকি নিরূপণের জন্য একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। ১২ মার্চের মধ্যে, ট্রাম্প প্রশাসন আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য দেশগুলোর একটি তালিকা প্রস্তুত করতে বলেছে।
এখনও পর্যন্ত, আফগানিস্তান ও পাকিস্তান এই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য দেশও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও, এই নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।