© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তর কোরিয়ার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
উত্তর কোরিয়ার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র
international-desk
০৫:২৯ পিএম | ১০ মে, ২০১৯
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার একটি কয়লাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার পর এবারই প্রথম দেশটির কোন জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র।
 
বিবিসির খবরে বলা হয়,  আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে 'ওয়াইজ অনেস্ট' নামের এ জাহাজটি ২০১৮ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ায় প্রথম আটক হয়। ওই বছরের জুলাইয়ে সেটি জব্দের আবেদন করে যুক্তরাষ্ট্র।
 
মার্কিন কৌঁসুলি জিওফ্রে এস বারমেন বলেন, ‘ওয়াইজ অনেস্ট’ নামের জাহাজটির নিবন্ধনের তথ্য গোপন করে উত্তর কোরিয়া তাদের উন্নত মানের কয়লা বিদেশিদের কাছে বিক্রি করেছে বলে আমাদের অফিস জানতে পেরেছে।
 
জাহাজটির মাধ্যমে ভারী যন্ত্রপাতি আমদানি করে উত্তর কোরিয়া তাদের সক্ষমতা আরও বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
 
জানা গেছে, মার্কিন ব্যাংক হিসাবে ডলারের মাধ্যমেই জাহাজটির রক্ষণাবেক্ষণ খরচ দেয়া হতো, যা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ করে দিয়েছে।
 
ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর গত সপ্তাহেই পিয়ংইয়ং দুই দফা স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
 
পরপর দুই দফা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের ঘটনাকে দুই দেশের নাজুক সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
 
 
টাইমস/এএইচ/এসআই
 

মন্তব্য করুন