© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক

শেয়ার করুন:
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল পরীক্ষার্থী। তারা আরও অন্তত এক মাস পর পরীক্ষা আয়োজন এবং প্রতিটি পরীক্ষার মাঝে তিন থেকে চারদিন বিরতি দেওয়ার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা।

দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

গণমাধ্যমে পরীক্ষার্থীদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে রোজা রেখে ১৯ লাখ ২৮ হাজারের বেশি পরীক্ষার্থীর ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ফল বিপর্যয় হতে পারে। তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তারা।

বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরম পড়ে। গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। গরমের মধ্যে টানা পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে। তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিয়ে নতুন রুটিন করতে হবে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী- আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয়অংশ শেষ হবে ১৩ মে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

এসএন 

মন্তব্য করুন