শ্রমিক কল্যাণ তহবিলে ২৭ কোটি টাকা দিল গ্রামীণফোন
শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৯১ টাকা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনসহ চার সদস্যের প্রতিনিধি দল এ টাকার চেক হস্তান্তর করেন।
শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৯১ টাকা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনসহ চার সদস্যের প্রতিনিধি দল এ টাকার চেক হস্তান্তর করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোন তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিয়ে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি এ পর্যন্ত ১২১ কোটি ৮২ লাখ ৪ হাজার ১৯ টাকা জমা দিয়েছে।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত গ্রামীণফোন লিমিটেডসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।
এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোন লিমিটেডের উপপরিচালক এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কেএম সাবির আহমেদ, উপব্যবস্থাপক মো. আসিফ ইকবাল এবং পরিচালক ইয়াসির মাহমুদ খান উপস্থিত ছিলেন।
টাইমস/এএইচ