বনির ইন্ডাস্ট্রি বদলের কারণ কী?
ছবি: সংগৃহীত
০৪:২৮ এএম | ১৩ এপ্রিল, ২০২৫
অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এখন কেরিয়ারের স্বর্ণসময় উপভোগ করছেন। শুক্রবার (১১ এপ্রিল) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ বেশ লক্ষণীয়। একই দিনে কৌশানীর প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তরও একটি নতুন ছবি মুক্তি পেয়েছে, তবে সেটি টলিউডে নয়, ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বাংলা ছেড়ে নতুন সম্ভাবনার খোঁজে এবার ওড়িশা অভিমুখে বনির যাত্রা।
অভিনয় জগতে লাক ট্রাই করতে অনেকেই ইদানীং বাংলা ছেড়ে বলিউড পাড়ি দিচ্ছেন। টলিপাড়ার অভিনেতাদের ক্ষেত্রে এই তালিকা বেশ দীর্ঘ। ইদে মুক্তি পেয়েছে বনি-কৌশানী অভিনীত ‘হাঙ্গামা ডট কম’ ছবিটি। দর্শকমনে এই ছবি এখনও তেমন প্রভাব ফেলতে পারেনি।
তাই এবার অভিনেতা বনি বাংলা ছেড়ে উড়িশ্যা ছবিতে লাক ট্রাই করলেন। মুক্তি পেয়েছে তাঁর প্রথম উড়িশ্যা ছবি ‘আজিরা রেবতী’। শুভ্রাংশ দাস পরিচালিত এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে শ্রীক্ষেত্র পুরীর খ্যাতনামা গীতিকার বদ্রি মিশ্রর ছোটগল্প অবলম্বনে। নেটিজেনদের দাবি, অভিনেতা বাংলা ছবিতে তেমন সাফল্য পাচ্ছেন না। আর ঠিক এই কারণেই এবার উড়িশ্যা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চান বনি। বাংলা ছবিতে কৌশানীর মতো বনির কেরিয়ারের গতি যে এই মুহূর্তে যথেষ্ট ঊর্দ্ধগামী নয়, সেই কথাও বলছেন অনেকেই।
অভিনেতা অবশ্য তেমনটা ভাবছেন না। ছবির বিষয়ে কথা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বনি জানিয়েছেন, পরিচালক যখন তাঁকে এই ছবির কথা বলেন, তখন চিত্রনাট্য শুনে তাঁর ভালো লাগে। তাই ভাষা অজানা হওয়া সত্ত্বেও কাজ করতে রাজি হয়ে যান অভিনেতা। বনির দাবি, “ভাষা ভিন্ন হতে পারে, তবে উড়িয়া ও বাংলা ছবিতে কাজের ক্ষেত্রে আমি তেমন কোনও পার্থক্য দেখিনি। একজন শিল্পীর কাছে এটা শুধুই শিল্প। উড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি বেশ আনন্দই পেয়েছি।” তাহলে কি আগামী দিনে আবার উড়িশ্যা ছবিতে দেখা যাবে বনিকে? সেই বিষয়েও আশাবাদী অভিনেতা।
আরএ