ঈদ রিলিজেও আশানুরূপ নয় ফল, ধুঁকছে সালমানের ‘সিকান্দার’
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫
সালমান খানের এবারের ঈদ রিলিজ ‘সিকান্দার’ বক্স অফিসে ১৩ দিন পার করলেও আশানুরূপ সাফল্য পায়নি। শুরু থেকেই ছবিটি ধীর গতিতে এগোলেও, মাঝপথে সানি দেওলের ‘জাঠ’ মুক্তির পর চাপে পড়ে গেছে ভাইজানের এই সিনেমা।
গত ১০ এপ্রিল মুক্তি পাওয়া ‘জাঠ’, ‘সিকান্দার’-এর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘জাঠ’ মুক্তির পর ‘সিকান্দার’-এর আয় ক্রমাগত কমে গেছে।
স্যাকনিল্ক-এর তথ্য বলছে, ১২তম দিনে সালমানের ছবিটি আয় করেছে মাত্র ৭৫ লাখ রুপি, আর ১৩তম দিনে তা আরও নেমে এসেছে মাত্র ৩ লাখে। এই পরিস্থিতিতে ১৫০ কোটির ক্লাব ছুঁতে রীতিমতো লড়তে হচ্ছে সিকান্দারকে।
ভারতীয় বক্স অফিস আয় (১৩ দিনে): ১০৮ কোটি রুপি। বিশ্বব্যাপী মোট আয়: ২৫০ কোটি রুপি
এদিকে, সানি দেওলের ‘জাঠ’ দারুণভাবে দর্শকদের নজর কেড়েছে, যার ফলে সালমানের ছবি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। এখন দেখা যাচ্ছে, ঈদের সিনেমা হিসেবে বড় প্রত্যাশা থাকলেও ‘সিকান্দার’ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
সামনের দিনগুলোতে সিনেমাটি আবার গতি ফিরে পায় কিনা, সেটিই এখন দেখার বিষয়।
এসএস/এসএন