‘জংলি’তে পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি : সিয়াম
ছবি: সংগৃহীত
০৭:৪৫ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫
‘জংলি’ সিনেমায় কাজ করতে কোন পারিশ্রমিক নেননি নায়ক সিয়াম আহমেদ। বরং তার পারিশ্রমিকই তিনি ইনভেস্ট করেন সিনেমায়। বিষয়টি নিশ্চিত করেন সিয়াম নিজেই। যার ফলাফল সিনেমা মুক্তির পর পাচ্ছেন তিনি। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সে হাউজফুল যাচ্ছে জংলির শো’গুলো।
সিয়াম বলেন, আমরা যখন সিনেমাটা শুরু করছিলাম তখন আমি আমার পারিশ্রমিক নিয়ে নিলে বাজেট নিয়ে ঝামেলায় পড়তো টিম। সিনেমাটা যাতে ভালো হয়, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার পারিশ্রমিক নেব না। পরে যদি সিনেমাটি থেকে লাভ হয় তখন আমি সেই লভ্যাংশ নেব। জংলি সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন কি না এমন প্রশ্নের উত্তরে এই তথ্য জানান সিয়াম।
ঈদুল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত আলোচিত সিনেমা ‘জংলি’। প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউজফুল যাচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল প্রতিনিয়ত। ছবিটির টিম থেকে বার বার শো বাড়ানোর দাবিও তোলা হয়। তবে অজ্ঞাত কারণে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অনেকে লেখালেখি করেন।
তবে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পেরোতেই স্টার সিনেপ্লেক্সে দ্বিগুন শো বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজনা সংস্থা। ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।
এসএম/টিএ