© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সায়মন-মনোজ-ভাবনা-জ্যোতি, কুসুমসহ একঝাক তারকার বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
সায়মন-মনোজ-ভাবনা-জ্যোতি, কুসুমসহ একঝাক তারকার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২৫
রাজধানীর বহুল আলোচিত ‘টিপকাণ্ড’ ইস্যুতে মানহানির অভিযোগে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফাসহ শোবিজ অঙ্গনের ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, নির্মাতা চয়নিকা চৌধুরী, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী সান, চুমকি, সুষমা সরকার ও কুসুম সিকদার।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানার আদালতে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আরও আসামি করা হয়েছে তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার ও তার স্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মলয় মালাকে।

অভিযোগে বলা হয়, ২০২২ সালে ‘টিপ পরা’ নিয়ে লতা সমাদ্দারের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট এবং তার সমর্থনে শোবিজ তারকাদের প্রতিবাদমূলক ছবি ও বক্তব্য পুলিশের মানহানি ঘটিয়েছে। এতে বাদী নাজমুল তারেকের পেশাগত ও সামাজিক জীবনে ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে এক বাইক আরোহীর বিরুদ্ধে লতা সমাদ্দার ‘টিপ পরা’ নিয়ে কটূক্তির অভিযোগ তোলেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। পরে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক চাকরিচ্যুত হন এবং চাকরি ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন। বর্তমানে তার মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচারাধীন।


এসএস

মন্তব্য করুন