© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঋণ নিয়ে অনেকেই বড় শিল্পপতি হয়েছেন: শিল্পমন্ত্রী

শেয়ার করুন:
ঋণ নিয়ে অনেকেই বড় শিল্পপতি হয়েছেন: শিল্পমন্ত্রী
own-reporter
০৭:৫৩ পিএম | ২৮ জুন, ২০১৯

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ঋণখেলাপি মানেই খারাপ মানুষ হয়ে গেল, তা কিন্তু ঠিক নয়। ঋণ নিয়েই অনেকে বড় বড় শিল্পের মালিক হয়েছেন। ঋণ নিয়েছে, ভেগে গেছে কিনা, দেশে আছে কিনা- সেটা দেখেন। যে কর্মসংস্থান তারা তৈরি করেছে, সেটা কিন্তু সরকারও করতে পারে না।

শুক্রবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭’ প্রদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেয়া হবে।

নূরুল মজিদ মাহমুদ আরও বলেন, ‘ঋণ তো থাকবেই, ঋণ ছাড়া কোনো ব্যবসা হয় না। ঋণ নিতেই হবে। আমাদের কারও বাপ-দাদার এত পয়সা ছিল না যে, আমরা রাতারাতি শিল্পপতি হয়ে গেছি। আজকে আপনারা যে বাংলাদেশ ভোগ করছেন, সেটা কিন্তু ছিল না। অনেক ঘাতপ্রতিঘাতে এখানে এসেছে।’

তাহলে কি ঋণখেলাপিদের উৎসাহিত করা হলো কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি উৎসাহিত করব কেন? ঋণ ছাড়া তো কেউ ব্যবসা করতে পারে না। ভুল ব্যাখ্যা করবেন না প্লিজ।’

সংবাদ সম্মেলনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ঋণখেলাপিরা এ পুরস্কার পাচ্ছে না। যারা ঋণ খেলাপি নয়, বিল কিংবা কর খেলাপি নয়, তাদেরকে এ পুরস্কার দেয়া হচ্ছে। ঋণখেলাপিরা যাতে কোন সুবিধা না পায় সেদিকে খেয়াল রাখা হবে। তারপরও যদি কোনো ঋণখেলাপি পুরস্কারের তালিকায় থাকে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।

সংবাদ সম্মেলনে শিল্পসচিব মো. আবদুল হালিমসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

টাইমস/এসআই

মন্তব্য করুন