© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিপি-রবির ব্যান্ডউইথ কমাতে বিটিআরসির নির্দেশ

শেয়ার করুন:
জিপি-রবির ব্যান্ডউইথ কমাতে বিটিআরসির নির্দেশ
own-reporter
০৭:৪০ পিএম | ০৫ জুলাই, ২০১৯

গ্রামীণফোন ও রবি আজিয়াটার কাছে পাওয়া ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পরিশোধ না করায় তাদের ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রামীণফোন ও রবি আজিয়াটার কাছে পাওয়া ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পরিশোধ না করায় তাদের ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার বিটিআরসি লেভেল–৩ ক্যারিয়ার লিমিটেড, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, সামিট কমিউনিকেশন, আমরা টেকনোলজি ও ফাইবার অ্যাট হোম গ্লোবালকে গ্রামীণফোন ও রবিকে ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ দেয়।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যান্ডউইথ বাড়ানো যাবে না। বারবার তাগাদা দেওয়ার পরও গ্রামীণফোন ও রবি সরকারের এ পাওনা অর্থ দিচ্ছে না বলে অভিযোগ করা হয় চিঠিতে।

বিটিআরসি এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে রাখা হবে। সরকারের পক্ষ থেকে দেওয়া এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যান্ডউইথ আংশিক ব্লক করে দেওয়া হবে।

বিটিআরসির দাবি অনুযায়ী, গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা। আর রবির কাছে পাওনা প্রায় ৮৬৭ কোটি টাকা। নীরিক্ষা আপত্তি হিসেবে এ টাকা দাবি করে বিটিআরসি। অবশ্য দুই অপারেটরই এই পাওনা নিয়ে দ্বিমত পোষণ করে।

এর আগে একাধিকবার পাওনা আদায়ে দুই অপারেটরকে চিঠি দিয়েছে বিটিআরসি। গত এপ্রিল মাসে জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এই পাওনার হিসাব তুলে ধরেন। ওই সময় তিনি চিঠি দেওয়ার কথাও জানান।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন