© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই : নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ পিএম | ২৭ মে, ২০২৫
নির্বাচন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংস্কার সমন্বয় কমিটি ও জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা দেখেছি, বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে। উনি (সেনাপ্রধান) বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতে থেকে আলাদা করতে হবে। তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই।

সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক উল্লেখ্য করে তিনি বলেন, তাদের (সেনাবাহিনী) যে ফোর্সের নিয়মিত কার্যক্রম...আমরা দেখতে পাচ্ছি, বিএসএফ বাংলাদেশে পুশ ইন করছে, আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাকটিভ রয়েছে।

সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলোর বিচারপ্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কারপ্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা তাদের আহ্বান জানাব, মিলিটারিকে পলিটিকস থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশে যে আর্ম ফোর্সেস রয়েছে, সেখানে তাদের একটি সংস্কারপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গত ১৫ বছরে আমরা দেখেছি, ক্যান্টনমেন্টের রাস্তাগুলো প্রশস্ত হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে, কিন্তু তাদের কাছে আমরা কোনো অস্ত্র দেখি নাই। তাদের পেটগুলো ভারী হয়েছে বসে বসে। তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়া করতে দেখি নাই। আমরা তাদের আহ্বান জানাব, জনগণের আপনারা সৈনিক, জনগণের পক্ষে আপনাদের থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি আপনাদের লড়তে হয়, নতুন বিশ্বে যে কলাকৌশলগুলো এসেছে, সেগুলো আপনাদের রপ্ত করে সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হোন। রাজনীতিতে আপনারা কোনো মডেলিং করতে আসবেন না।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি, ডিসিপ্লিনের অভাবে অনেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছেন। তারা তাদের নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পাঁয়তারা চালাচ্ছেন। আমরা তাঁদের আহ্বান জানাব, আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন, আপনি সেখানে সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে।’

জনগণের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাব, আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কীভাবে আরও মানোন্নয়ন করা যায়, আপনারা সজাগ থাকবেন। যদি কোনো যুদ্ধ আসে, সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন।’

নির্বাচন কমিশন নিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থানের ১০ মাস পূরণ হয় নাই, এর মধ্যে তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন দলের একটি দলীয় অফিস বানিয়েছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দলীয় এজেন্টের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা শুনছি, বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসনবিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে। আমরা তাদের বলব, সময় আছে ভালো হোন। সময় গেলে আপনারা সেই সুযোগ আর পাবেন না।’

আরআর/এসএন

মন্তব্য করুন