© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় মাদ্রাসা ছাত্রদের মারধর

শেয়ার করুন:
ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় মাদ্রাসা ছাত্রদের মারধর
international-desk
০৬:৪১ পিএম | ১২ জুলাই, ২০১৯

ভারতে বিজেপি শাসিত উত্তর প্রদেশের উন্নাওয়ে ‘জয় শ্রীরাম’ধ্বনি না দেয়ায় কয়েকজন মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

হামলাকারীরা উগ্র হিন্দুত্ববাদী দলের সঙ্গে যুক্ত বলে শুক্রবার এনডিটিভি জানিয়েছে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা নইম মিসবাহী গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার মাদ্রাসার ১২/১৪ বছর বয়সী ছাত্ররা ক্রিকেট খেলার সময় কিছু লোক তাদেরকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলে। তারা ‘জয় শ্রীরাম’ না বলায় দুর্বৃত্তরা তাদেরকে মারধর করে এবং তাদের উপরে পাথর নিক্ষেপ করে।

উন্নাও শহরের পুলিশ কর্মকর্তা উমেশ চন্দ্র ত্যাগি বলেন, মাদ্রাসার তিন শিশু দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে। শিশুরা গভর্নমেন্ট ইন্টার কলেজ ক্রিকেট ময়দানে ক্রিকেট খেলতে গিয়েছিল। ওই ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তার করা হবে।

এ ব্যাপারে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম শুক্রবার রেডিও তেহরানকে বলেন, এ ধরণের ধর্মীয় সুড়সুড়ি, ধর্মীয় বিভাজন, ধর্মীয় স্লোগান মানুষের উপরে চাপিয়ে দেয়া, মানুষকে বিব্রত করা, মানুষের মানহানি, জীবনহানি পর্যন্ত ঘটে যাচ্ছে এসব বিষয়ে আমরা খুব উদ্বিগ্ন! সংখ্যালঘু মানুষ, দুর্বল মানুষ যারাই হোক তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের। এই মর্মে তাদের ব্যর্থতা, তাদের নীরবতা দেশের জন্য খুব ক্ষতি। এটা খুব বিপদের ইঙ্গিত!

দ্বিতীয়বারের মতো বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের মারধর করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করছে উগ্র হিন্দুত্ববাদীরা।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন