© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

শেয়ার করুন:
জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ৩০ মে, ২০২৫
রংপুর থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (৩০ মে) বিকাল ৩টার দিকে রংপুরের সেনপাড়াস্থ ‘দ্যা স্কাউভিউ’ থেকে সড়ক পথে তিনি ঢাকার পথে রওনা দিয়েছেন।

এদিকে, শুক্রবার বিকাল ৩টায় বিক্ষোভ করার কথা থাকলেও আবহাওয়া অনুকূল না থাকায় পূর্ব ঘোষিত সেই কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। ফলে বৃহস্পতিবার রাতভর জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে যে উত্তেজনার পারদ চলছিল তা শীতল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জি এম কাদেরের বাড়িতে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম। তিনি বলেন, আমাদের লোকজন যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকেই কেউ একজন বাদী হয়ে এই মামলা করবেন, সেই প্রস্তুতি চলছে।

গতকাল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির এক নেতার মেয়ের বিয়ে উপলক্ষে আসেন জিএম কাদের। সেখান থেকে বিকাল ৪টার দিকে রংপুরের সেনপাড়ার ‘দ্যা স্কাইভিউ’ বাড়িতে ওঠেন।
সেখানে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নেতিবাচক কথা বলেন তিনি।

ওই দিন রাত ৮টার দিকে জি এম কাদেরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে গ্রেফতার ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে নগরীতে একটি বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপির নেতা কর্মীরা। সেই মিছিলটি সেন পাড়া চৌরাস্তা পৌঁছালে কে বা কারা হামলা চালায় জি এম কাদেরের বাড়িতে। এই ঘটনা নিয়ে নগর জুড়ে রাতভর উত্তেজনা চলায় মোতায়েন করা হয়েছিল পুলিশ ও সেনাবাহিনী।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নগরীতে কোথাও উত্তেজনা নেই। পরিস্থিতি শান্ত। মামলার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান ওসি।

এসএম/টিএ

মন্তব্য করুন