দেশকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে: নাসীরুদ্দীন
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ৩১ মে, ২০২৫
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৩১ মে) রাজধানীর গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বর্তমান সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদীব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘ফ্যাসিবাদীব্যবস্থার পরিবর্তন মানে ক্ষমতার পরিবর্তন নয়। একই ব্যক্তি দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, সংসদপ্রধান হওয়ায় ফলে দেশ একটি পরিবার নির্ভর হয়ে যায়।
দেশের এই ধারা অব্যাহত রাখার জন্য গণ-অভ্যুত্থান হয়নি। গণ-অভ্যুত্থান হয়েছে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য।’
এনসিপি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পরিবর্তন চলছে। বাংলাদেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেয়া যাবে না।
স্থায়ী সুষ্ঠু নির্বাচনব্যবস্থা প্রত্যাশা করে এনসিপি। কিন্তু তা না করে নামমাত্র নির্বাচন করলে সেটি আগামী প্রজন্মের সঙ্গে গাদ্দারি করা হবে।’তিনি বলেন, ‘ইশরাক হোসেন ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ফেল করেছে। তাই এদের দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।
দুয়েকজন নয়, পুরো কমিশন পরিবর্তন করতে হবে। সংস্কার না করে নির্বাচন করতে গেলে দেশ গভীর সংকটে পড়বে। কিন্তু তরুণ প্রজন্ম সেটা হতে দেবে না।’
তিনি আরো বলেন, ‘ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন, তারা দেশকে অস্থিতিশীল করছেন। এ ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না।
ক্ষমতায় যেতে যারা বেহুঁশ হয়ে গেছেন, তাদের হুঁশে ফেরার আহ্বান জানাই।’
এমআর