© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল গ্রেফতার

শেয়ার করুন:
কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ এএম | ০৯ জুন, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গিনী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ওই প্রকৌশলী একই এলাকার সুলতান আহম্মদের ছেলে। তিনি কুসিকের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়। এসব মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তবে দুটি মামলায় আসামি হলেও তিনি কর্মস্থলে নিয়মিত অফিস করতেন। এছাড়াও নগরীর ১১ নং ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তোফাজ্জল হোসেন ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গিনী এলাকায় ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তিনি ওই মামলায় জামিনে আছেন। সোমবার সকালে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

আরআর/টিকে

মন্তব্য করুন