© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার একতরফা নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে: জি এম কাদের

শেয়ার করুন:
সরকার একতরফা নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে: জি এম কাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ এএম | ১৩ জুন, ২০২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় পার্টির সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না।

এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না। আবার, অনুপস্থিত ভোটারদের ভোট—অর্থ, পেশিশক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয়।

এ ধরনের নির্বাচন করে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান উপস্থিত ছিলেন।

এফপি/টিএ

মন্তব্য করুন