© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপত্তা পরিষদের বৈঠকে সমালোচনার মুখে মার্কিন প্রতিনিধি

শেয়ার করুন:
নিরাপত্তা পরিষদের বৈঠকে সমালোচনার মুখে মার্কিন প্রতিনিধি
international-desk
০৭:২২ পিএম | ২৪ জুলাই, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি জ্যাসন গ্রিনব্ল্যাট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কঠোর সমালোচনার শিকার হয়েছেন। এমনকি মার্কিন মিত্ররাও মার্কিন প্রতিনিধির তীব্র সমালোচনা করেছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে বক্তব্য দেন গ্রিনব্ল্যাট।

কল্পিত আন্তর্জাতিক মতৈক্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া মধ্যপ্রাচ্য বিষয়ক প্রস্তাবনাগুলোর গুরুত্ব নিয়ে সন্দেহ রয়েছে। নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধান করতে হবে বলে যে ধারণা রয়েছে তাও তিনি নাকচ করেন। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এ সমস্যার সমাধান হবে না বলে তিনি মন্তব্য করেন।

গ্রিনব্ল্যাট কথিত ডিল অব দ্য সেঞ্চুরির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা যে শান্তি পরিকল্পনা উস্থাপনা করতে যাচ্ছি তা এই পরিষদে পাস হওয়া অনেক প্রস্তাবের মতো দ্ব্যর্থক হবে না। এটি আন্তর্জাতিক মতৈক্যের বিষয়ে কল্পনাপ্রসূত কোনো চিন্তাও নয়।’

মার্কিন প্রতিনিধির এ বক্তব্যের পর নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ চার সদস্য ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও রাশিয়া গ্রিনব্ল্যাটের সমালোচনায় মুখর হয়ে ওঠে।

এসময় এসব দেশের প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মার্কিন প্রতিনিধির বক্তব্যকে চ্যালেঞ্জ করেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন