© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

শেয়ার করুন:
ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ পিএম | ১৫ জুন, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপির অপর একটি গ্রুপের বিরুদ্ধে।

এ ছাড়াও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ ঘটনার দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও কিছুই জানেন না বলে দাবি করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান।

রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে পৌর এলাকার কবিরপুর খাদ্যগুদাম ও খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে পৌর এলাকার কবিরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা চালায়। সেখানে হামলা শেষে খালধারপাড়া এলাকায় হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা চালায়। সে সময় সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছিল। আমাকে না পেয়ে তারা বাড়িতে ককটেল বিস্ফোরণ ও হামলা-ভাঙচুর করেছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ। তিনি বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে রয়েছি। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।’

এসএম      

মন্তব্য করুন