© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯ ঘণ্টার আন্দোলনের পর আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইউআইইউ শিক্ষার্থীরা

শেয়ার করুন:
৯ ঘণ্টার আন্দোলনের পর আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইউআইইউ শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ২১ জুন, ২০২৫
বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তার আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তারা।

শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাদের দাবিদাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল-বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সড়কেই ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বৈঠক চলছিল।

টিকে/টিএ

মন্তব্য করুন