© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা ও দুই সহযোগী গ্রেফতার

শেয়ার করুন:
হবিগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা ও দুই সহযোগী গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ এএম | ২৩ জুন, ২০২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন—শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবুল ফজল (২৩), নূরপুর (দক্ষিণ) গ্রামের হিরু মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৩), এবং সুরাবই গ্রামের মৃত নজির মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৬)।

শনিবার (২১ জুন) দিবাগত মধ্যরাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২২ জুন) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ।

তিনি জানান, অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে 'ডেভিল হান্ট' অভিযানের আওতায়, অপর দুইজনকে গ্রেফতার করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

এসএম   

মন্তব্য করুন