৫ আগস্টের পর কারখানা বন্ধের পেছনে বর্তমান সরকার দায়ী নয়: ড. সাখাওয়াত
ছবি: সংগৃহীত
০১:২৭ এএম | ২৬ জুন, ২০২৫
৫ আগস্টের পর যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এর পেছনে বর্তমান সরকার দায়ী নয়। এগুলোর মালিক ব্যাংক ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পলিটিক্যাল কানেকশনে ব্যবসা করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ জুন) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এম সাখায়োত হোসেন বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিক শ্রমিকদের বেতন দেয়নি। এসব কারখানার মালিকের যদি ব্যাংক হিসেব নেয়া হয় ২০০ থেকে ৩০০ কোটি টাকার কম হবে না। এখন ব্যাংক তাদের টাকা দেয় না, এজন্য তারা কারখানা চালাতে পারছে না। টাকা নিয়ে বেশির ভাগ মালিক বিদেশে চলে গেছে।’
তিনি বলেন, একটা কোম্পানিও আমি এখনো পর্যন্ত পেলাম না যে ৩০০ কোটি টাকার নিচে ঋণ খেলাপি আছে। তারপরও ব্যাংক ঋণ দিয়ে গেছে।কারণ, পলিটিক্যাল কানেকশন। পলিটিক্যাল কানেকশনে ব্যবসা করলে এরকম তো হবেই।
যেগুলো বন্ধ হয়েছে সেগুলো শ্রমিকদের দিয়ে সাব কন্ট্রাক্টে কাজ করাতো জানিয়ে শ্রম ও কর্মস্থান উপদেষ্টা বলেন, কিছু গার্মেন্টস বন্ধ হওয়ায় বেকারত্ব বেড়েছে। তবে অনেকে আবার নতুন করে অন্য কারখানায় কাজে যোগ দিয়েছে। এখন বন্ধ কারখানা খুলে দেয়া বা অন্য কেউ কিনে নিলে তাদেরকে ব্যাংক ঋণ দেয়ার ব্যাপারে চিন্তা করা হবে।
সেমিনারে বাংলাদেশসহ বিশে^র ২৪টি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আরএম