দুই দশকের সম্পর্কের অবসান, পল্লবী রাওয়ের বিবাহবিচ্ছেদ
ছবি: সংগৃহীত
০৩:২০ এএম | ১৫ জুলাই, ২০২৫
ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী পল্লবী রাওয়ের ২২ বছরের সংসারজীবনের ইতি ঘটেছে। দীর্ঘদিনের সঙ্গী, টিভি নির্মাতা সুরাজের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত পল্লবী।
প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে এই দম্পতির। এরপর থেকেই তারা আলাদা থাকছেন।
পল্লবী রাও জানান, সুরাজ এবং আমার দুটি সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। সবশেষে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তাদের সংসারে রয়েছে ২১ বছর বয়সী একটি মেয়ে ও ১৮ বছর বয়সী একটি ছেলে। দীর্ঘদিনের সম্পর্ক থেকে সরে আসা সহজ ছিল না বলেও জানান অভিনেত্রী। তবে বিচ্ছেদ হলেও সুরাজের প্রতি সম্মান রেখেই কথা বলেন পল্লবী। তার ভাষ্য, কখনো কখনো বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করা ভালো। আমি সুরাজকে সম্মান করি। সবসময়ই তার জন্য শুভকামনা থাকবে।
জানা যায়, মুম্বাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে পল্লবী ও সুরাজের প্রথম দেখা ও পরিচয় হয়। সেখান থেকেই প্রেম এবং ২০০৩ সালে বিয়ে। দীর্ঘ দুই দশক পর ভালোবাসার সেই গল্পে এলো পরিসমাপ্তি।
আরআর