© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আলি বাবা’ দিয়ে শুরু, আসছে ‘আলাদীন’ ও ‘সিনবাদ’-এর অভিযান

শেয়ার করুন:
‘আলি বাবা’ দিয়ে শুরু, আসছে ‘আলাদীন’ ও ‘সিনবাদ’-এর অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ২৪ জুলাই, ২০২৫
ভারতীয় সিনেমায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ম্যাডক ফিল্মস। ভৌতিক কৌতুকধর্মী ছবি দিয়ে যাত্রা শুরু করলেও, এবার তারা পা রাখছে রূপকথার দুনিয়ায়—আরব রজনীর রহস্যময় গল্পগুলোকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক বিশাল কল্পজগৎ। ‘স্ত্রী ২’ ও ‘ছাভা’র পরপর সাফল্যে উজ্জীবিত হয়ে নির্মাতা দীনেশ বিজান তার প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসকে নিয়ে চলেছেন এক সাহসী অভিযানে।

গত দুই বছর ধরে নীরবে তৈরি হচ্ছিল এই স্বপ্নের প্রকল্প। প্রাথমিকভাবে একটি বিশাল ট্রিলজি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে, যার প্রথম অধ্যায় হবে ‘আলি বাবা ও চল্লিশ চোর’। এরপর আসবে ‘আলাদীনের আশ্চর্য প্রদীপ’ এবং শেষ অধ্যায়ে থাকবেন ‘সিনবাদ দ্য সেইলর’।

গল্পগুলোর মূল ভাব অটুট রেখে, এতে যোগ করা হবে ভারতীয় আবেগ এবং সংস্কৃতির ছোঁয়া। পাশাপাশি থাকবে হলিউডের মানের ভিজ্যুয়াল ইফেক্ট। অর্থাৎ দর্শকরা দেখতে পাবেন এক জাদুকরী দুনিয়া, যেখানে রূপকথা ও বাস্তবতার মাঝখানে তৈরি হবে এক দৃষ্টিনন্দন কল্পজগত।

ম্যাডক ফিল্মস বরাবরই পরিচিত ছিল ‘স্ত্রী’, ‘রুহি’, ‘ভেড়িয়া’র মতো হরর-কমেডির জন্য। কিন্তু এই নতুন ইউনিভার্সের মাধ্যমে তারা যাত্রা করছে মহাকাব্যিক ও কল্পনার রাজ্যে। এটি নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

২০২৬ সালেই শুরু হবে প্রথম চলচ্চিত্রের শুটিং। আলাদা করে প্রতিটি সিনেমা হলেও, এগুলো একটি সুসংবদ্ধ কল্পজগতের অংশ হিসেবে তৈরি হবে। অর্থাৎ চরিত্র, রাজ্য ও ঘটনা—সবই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে।

এই প্রকল্পের মাধ্যমে কেবল ভারতের নয়, আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছাতে চায় ম্যাডক। রূপকথার চেনা গল্পগুলোকে নতুন রূপে উপস্থাপন করে, তারা গড়ে তুলতে চায় ভারতীয় সিনেমার নিজস্ব ফ্যান্টাসি ইউনিভার্স।

এফপি/টিকে 

মন্তব্য করুন