© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভশ্রীকে খোলা চিঠি দেবের, উঠে এলো পুরোনো সেই রসায়ন

শেয়ার করুন:
শুভশ্রীকে খোলা চিঠি দেবের, উঠে এলো পুরোনো সেই রসায়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
দীর্ঘদিনের সহকর্মী, একসময়কার প্রেমের সম্পর্কের মানুষ এবং এবার একই ছবির সহযাত্রী। দেব ও শুভশ্রী গঙ্গুলির সম্পর্কের সমীকরণ বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। সেই আগ্রহ যেন আরও বাড়িয়ে দিলেন দেবের সাম্প্রতিক এক খোলা চিঠি। ‘দেশু ৭’ ছবির কাজ শেষ হওয়ার পর শুভশ্রীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা ও নির্মাতা দেব।

চলতি বছর দুর্গাপূজার সময় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘দেশু ৭’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যখন অপেক্ষা বাড়ছে, তখনই সমাজমাধ্যমে শুভশ্রীর উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেব। চিঠিতে উঠে এসেছে দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক বিশ্বাস এবং নতুন করে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

দেব জানান, প্রথমবার পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সময় তার মধ্যে অনেক অনিশ্চয়তা ছিল। এমনকি দুর্গাপূজার সময় ছবিটি মুক্তি দিতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সেই কঠিন সময়ে শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, চিত্রনাট্য না পড়েই, এমনকি ছবির নাম বা শেষ পর্যন্ত ছবিটি কেমন হবে সেটাও না জেনেই শুভশ্রী এই ছবিতে অভিনয়ের সম্মতি দিয়েছিলেন।



দেবের চোখে, এই কাজের পুরো সময়টিই ছিল বিশেষ এক অভিজ্ঞতা। দীর্ঘদিনের পরিচিত শুভশ্রীকে নতুনভাবে দেখার সুযোগ হয়েছে তার। অভিনেতা হিসেবে শুভশ্রীর পরিণত হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও তার পরিবর্তন ও পরিণতিতে মুগ্ধ হয়েছেন দেব। পেশাগত ও ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে সামলে নেওয়ার জন্যও শুভশ্রীর প্রশংসা করেছেন তিনি।

চিঠিতে দেব আরও লিখেছেন, তাদের দুজনের পথচলা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। জীবনের একটি নতুন অধ্যায়ে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। পরিচালক হিসেবে নিজের প্রথম ছবিতে শুভশ্রীর মতো মানুষের বিশ্বাস ও সহযোগিতা পাওয়াকে তিনি বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।

শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেব জানিয়েছেন, তাকে এবং ‘দেশু ৭’-এর ভাবনাকে বিশ্বাস করার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। একই সঙ্গে আগামীর জন্য শুভশ্রীকে শুভকামনাও জানিয়েছেন তিনি।

দেবের এই খোলা চিঠি প্রকাশ্যে আসার পরই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। দুই তারকার পুরোনো রসায়ন এবং নতুন ছবিতে তাদের একসঙ্গে দেখার অপেক্ষা যেন আরও বেড়েছে। চিঠির সঙ্গে ‘দেশু ৭’-এর শুটিংয়ের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন দেব। কোথাও ছবির দৃশ্য, কোথাও দুই তারকার হাসি-ঠাট্টার মুহূর্ত, আবার কোথাও পরিচালক হিসেবে শুভশ্রীকে দৃশ্য বুঝিয়ে দিতে দেখা গেছে তাকে।

দেব ও শুভশ্রী এর আগে একাধিক সফল ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর আবারও তাদের জুটিকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। ‘দেশু ৭’ আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজার সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, স্বৈরিতি ব্যানার্জিসহ আরও অনেকে।

পূজার মুক্তির লড়াইয়েও বেশ শক্ত প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে ‘দেশু ৭’। একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে সৃজিত মুখার্জির ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’, উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ এবং এসভিএফের ‘একেন বাবু: কেরালায় কুরুক্ষেত্র’। ফলে দেব ও শুভশ্রীর জুটির পাশাপাশি ছবিটির গল্প ও নির্মাণ নিয়েও দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

এসএ/টিএ


মন্তব্য করুন