ওয়ার ২-তে হৃতিক-এনটিআরের নাচের দ্বৈরথ
ছবি: সংগৃহীত
১২:৫২ পিএম | ২৫ জুলাই, ২০২৫
বলিউডের ‘ডান্স আইকন’ হৃতিক রোশন যখন ক্যামেরার সামনে, তখন চোখ ফেরানো দায়। কিন্তু এবার সেই নজর কাড়ার মঞ্চে তাঁর পাশে এসে দাঁড়ালেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। দু’জনেই একই ছবিতে, একই গানে। আর এই গানের রিহার্সালেই নাকি বিস্মিত হৃতিক নিজেই।
‘ওয়ার ২’-এর জন্য যখন হৃতিক আর এনটিআর একসঙ্গে নাচের দৃশ্যে অংশ নেন, তখন সেটে উপস্থিত সকলেই থমকে যান। উচ্চমানের কোরিওগ্রাফি, শক্তিশালী এক্সপ্রেশন আর শরীরী ভঙ্গিমায় নিজেদের শ্রেষ্ঠটা ঢেলে দিয়েছেন দুই তারকা।
সূত্র জানাচ্ছে, গানটির শুটিং ইতিমধ্যেই শেষ। তবে এটি প্রকাশ্যে আসেনি এখনও। এই গান নিয়েই সিনেমাপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। কার কোরিওগ্রাফি কাকে ছাপিয়ে গেল, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে হৃতিক নিজেই নাকি বলেছেন, জুনিয়র এনটিআরের স্টেপ ছিল ‘অবিশ্বাস্য’।
যেখানে হৃতিক এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের নাচের রাজা, সেখানে জুনিয়র এনটিআরের হিন্দি ছবিতে প্রথম আবির্ভাবেই এমন বাজিমাত চমকে দিয়েছে সকলকে।
আয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ এখন শুধু স্পাই থ্রিলার নয়, এক রোমহর্ষক নাচের দ্বৈরথ হিসেবেও গণ্য হচ্ছে দর্শকমনে। এই দুই তারকার একসঙ্গে স্ক্রিন শেয়ার করা মানেই যেন এক ভিজ্যুয়াল বিস্ফোরণ।
চরিত্রের মধ্যে থেকেও নাচের মাধ্যমে একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছেন দুই মহাতারকা। নাচের এই লড়াই যে সিনেমার অন্যতম ইউএসপি হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
এসএন